২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ার সাংসদের গাড়িতে হামলা, আহত ২

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের গাড়িতে দুর্বৃত্তের হামলায় তার দুই সঙ্গী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের গাড়িতে দুর্বৃত্তের হামলায় তার দুই সঙ্গী আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় এ হামলা হয়। আহত হিমেল (২৮) ও মাহবুবকে (২৬) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চেয়ারম্যানঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ ফজলুল আজিম গাড়ি নিয়ে সি-ট্রাকে ওঠার সময় হঠাৎ কয়েকজন লোক তার গাড়ি ও লোকজনের দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। তারা দু'টি গাড়ি ভাঙচুরও করে। ফজলুল আজিম এ হামলার জন্য হাতিয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর সমর্থকদের দায়ী করেন। তিনি অভিযোগ করেন, ২০-২৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, "ফজলুল আজিমের লোকজন বয়ারচরের নিরপরাধ কয়েকজনকে মারধর করেছে। চরের লোকজন গতকাল আজিমের কাছে এর প্রতিবাদ জানাতে গিয়েছিল বলে শুনেছি।" এদিকে পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে আইসি গিয়াসউদ্দিন বলেন, "আমি ওই সময় সেখানে উপস্থিত ছিলাম। সাংসদ ও তার সঙ্গীদের নিরাপদে সী-ট্রাকে উঠিয়ে দেওয়া হয়েছে।" হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলার খবর পেয়ে সাংসদকে নলচিরা ঘাট থেকে এগিয়ে নিয়ে এসে তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৭৩৯ ঘ.