সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় প্রায় দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি মাইত্রোবাস আটক করেছে বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন (বিডিআর)।
রোববার মধ্যরাতে পৌর এলাকার মাগুরা-তালতলা নামক এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।
সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে মাইক্রোবাসটি থামার সংকেত দিলে সেটি দ্রুত স্থান ত্যাগ করে।
পিছু ধাওয়া করলে প্রায় ২০ কিলোমিটার পর মাগুরা-তালতলায় চোরাচালানিরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, মাইক্রোবাসে তল্লাশি করে এক হাজার ৯৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৬ হাজার টাকা।
অপারেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম আরো জানান, আটক মাইক্রোবাসের দু'টি নম্বর পাওয়া গেছে। একটি ঢাকা মেট্রো চ ১১-৬৮৩৫ অপরটি ঢাকা মেট্রো চ ৫১-৮২৩২।
এ ব্যাপারে বিডিআর নায়েক সুবেদার শামীম রেজা বাদি হয়ে মাইক্রোবাসের মালিক ঢাকার মালিতলা এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে আব্দুর রহমানকে আসামি করে অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৫৩ ঘ.
bdnews24