চাঁদপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী এমভি বোরাক নামের যাত্রীবাহী লঞ্চ থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তার নাম মো. আবদুল কাদের (৩৫)। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের লালদিয়া গ্রামে তার বাড়ি। সে আশিকাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
আব্দুল কাদেরের শ্বশুর নাদের আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাদের শুক্রবার রাত ১২টায় বোরাক লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। শনিবার ভোরে সেহরির সময় লঞ্চে জামাতার লাশ পাওয়ার খবর শুনে তিনি থানায় ছুটে যান।
তিনি বলেন, "কাদের পেশায় একসময় কাঠমিস্ত্রি ছিল। দেড় বছর বিদেশ থাকার পর সেখানে সুবিধা করতে না পারায় দেশে চলে আসে। এরপর সে বিভিন্ন স্থানে চাকরি খুঁজতে থাকে।"
নিঝুম (৬) ও মিতু (২) নামে তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ভোরে বোরাক চাঁদপুর লঞ্চঘাটে ভিড়ার পর এর তৃতীয় তলার ৭ নম্বর সিঙ্গেল কেবিন থেকে কাদেরের লাশ উদ্ধার করা হয়।
জাহিদুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কাদেরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তবে ময়না তদন্তের পর রহস্য পুরোপুরি জানা যাবে।
এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৮ ঘ.
bdnews24