চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশের সংস্কার দাবি করেছে সিপিবি।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে নগরীর সিটি গেইট পর্যন্ত মহাসড়কের ৬৭ কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হয় এবং ঘটে নানা দুর্ঘটনা। এতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরি হয়। গত ঈদে চট্টগ্রামমুখো মানুষকে ১৮ থেকে ২৪ ঘণ্টা সময় মহাসড়কেই কাটাতে হয়েছিল।
সিপিবি নেতারা জরুরি ভিত্তিতে মহাসড়কের গর্ত ভরাটসহ সাময়িক সংস্কারের দাবি জানান। লিখিত বক্তব্যে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী বলেন, মহাসড়ক সংস্কার করা না হলে তিন দিনের ঈদের ছুটির দুইদিনই যানজটে কাটাতে হবে ঘরমুখো মানুষকে।
সংবাদ সম্মেলন থেকে মহাসড়ক সংস্কারের দাবিতে ট্রাক মিছিল, প্রচারপত্র বিলি, পথসভা ও স্মারকলিপি প্রদানসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক শাহ আলম, নুরচ্ছাফা ভুঁইয়া, মছিউদদৌলা ও জহির উদ্দিন মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24