ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারির আগেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২৩ কোটি ২০ লাখ পাঠ্যবই পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সরকার।
এ লক্ষ্যে ইতোমধ্যেই জেলা পর্যায়ে মাধ্যমিকের এবং উপজেলা পর্যায়ে প্রাথমিকের বই পাঠানো শুরু হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
নাহিদ বলেন, গত বছরের অভিজ্ঞতার আলোকে এবার নির্ধারিত সময়ের আগেই মাধ্যমিক ও প্রাথমিকের সব পাঠ্যবই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, গতবারের ভুল-ত্র"টি থেকে শিক্ষা নিয়ে এবার ২৩ কোটি ২০ লাখ বই ছাপিয়ে ১ জানুয়ারির আগেই সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে।
পাঠ্যবই ছাপানো, পরিবহন ও বিতরণের ক্ষেত্রে কোথাও কোনো গাফিলতি বা অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন মন্ত্রী।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ইতোমধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের বই পাঠানো হয়েছে। এসব বই জানুয়ারির শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এখন থেকেই বিতরণ করা হচ্ছে। যাতে নভেম্বরের মধ্যে বই বিতরণ শেষ হয় এবং জানুয়ারির আগেই তা শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্পন্ন হয়।
অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার রাকিবুর রহমান, নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২২০ ঘ.
bdnews24