২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চলছে ৪ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব

চট্টগ্রামে শুরু হয়েছে চারদিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শুরু হয়েছে চারদিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে নগরীতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। বুধবার বেলা সায়া ১১ টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নগরীর আন্দরকিল্লা মোড়ে বেলুন ও পায়রা উড়িয়ে 'জন্মাষ্টমী উদযাপন পরিষদ' আয়োজিত এই শোভাযাত্রা উদ্বোধন করেন। চট্টগ্রামে আয়োজিত শোভাযাত্রাটি জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত দেশের মধ্যে সবচেয়ে বড়ো। এই শোভাযাত্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয়। উদ্বোধনের পর শোভাযাত্রাটি নগরীর লালদীঘির পাড়, কোতয়ালীর মোড়, নিউমার্কেট, রাইফেল ক্লাব, নন্দনকানন ও ডিসি হিল ও চেরাগী পাহাড় হয়ে জেএমসেন হলে এসে শেষ হয়। এতে নগরী ও এর বাইরের ধর্মপ্রাণ হিন্দু নর-নারী, সাধু-সন্ন্যাসীরা অংশ নেন। এতে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক মূর্তি, প্রতিকৃতি ও ছবির মাধ্যমে তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবুল কাশেম, অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন ও সুজিত রায় নন্দী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী ও আহ্বায়ক দেবাশীষ পালিত বক্তব্য রাখেন। জন্মাষ্টমী উপলক্ষে জেএমসেন হলে চারদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পরিষদ সভাপতি সুকুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, ধর্মীয় আলোচনা, ছাত্র বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানাম সংকীর্তন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/এইচএ/১৯৩৯ঘ.