মেহেরপুর, সেপ্টেম্বও ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা ও এক কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার হাঁড়াভাঙ্গা গ্রামের হাটের কাছে একটি মাঠ থেকে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
র্যাব-৬ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরমপন্থী ও চোরাকারবারিরা ওই মাঠে বৈঠক করছে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে চারটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।"
পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ভারতীয় সাটার গান, ১০ রাউন্ড গুলি ও ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব কমান্ডার জানান, অস্ত্র, বোমা ও মাদক দব্যের সঙ্গে জড়িতদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন বোমা কারিগর রয়েছে। চরমপন্থী দলের কিছু সদস্য চোরাকারবারী দলের সঙ্গেও জড়িত।
এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হবে জানিয়ে তিনি বলেন, "আসামিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে র্যাব।"
এদিকে পৃথক অভিযানে মেহেরপুর শহরের কলেজ মোড়ে একটি চায়ের দোকানের পাশ থেকে প্যাকেটে ভর্তি প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।
এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, "আটক অস্ত্র, গুলি, বোমা ও হিরোইন থানায় জমা দিয়েছে র্যাব।"
তিনি জানান, বোমাগুলি নিস্ক্রিয় করতে যশোর সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৪৬ ঘ.
bdnews24