ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনসিডিল বহনের অপরাধে সেনাবাহিনীর এক মেজরকে চাকরিচ্যুত এবং বেসামরিক কারাগারে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভারপ্রাপ্ত পরিচালক এম রেজা শাহ পাহলবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জে ফেনসিডিলসহ মেজর রেজা শাহ মোহাম্মদ জিল্লুল্লাহ নামে ওই সেনা কর্মকর্তা আটক হন।
এ অপরাধে তিনি কোর্ট মার্শালে বিচারের মুখোমুখি হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিচারে 'উচ্ছৃঙ্খল ওই সেনা কর্মকর্তাকে' চাকরিচ্যুত করার পাশাপাশি বেসামরিক কারাগারে এক বছরের সশ্রম কারদণ্ড দেওয়া হয়।
তার বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর রেজা ব্যক্তিস্বার্থে চাকরির নিয়মকানুন উপেক্ষা করে অতিরিক্ত অর্থ উপার্জনের উদ্দেশ্যে ফেনসিডিল পরিবহনের মতো ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন।
দণ্ডিত এই সেনা কর্মকর্তা ১৯৯৫ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৬ ঘ
bdnews24