নড়াইল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নড়াইলে একটি মামলা হয়েছে।
সোমবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার মো. ছারিউল ইসলাম (৬৫)।
হাকিম মুসরাত জেরীন মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় পৌরসভার কুড়িগ্রাম এলাকার হাফেজ মো. ইলিয়াছ হোসেনের (৬৫) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তারা রাজাকার বলে পরিচিত পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিলেন।
১৯৭১ সালের ৪ এপ্রিল বিকালে আসামিরা বাদির বাড়িতে হানা ২৫ ভরি সোনা ও ৬৬ হাজার টাকা লুট করে।
আসিম ইলিয়াছ রাইফেল দিয়ে বাদির বাবা আব্দুল হামিদ বিশ্বাসকে গুলিও করেছিলেন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24