হবিগঞ্জ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগরে রোববার রাতে গোয়েন্দা পুলিশের গুলিতে নুরুল ইসলাম (৪৫) নামে এক ফেনসিডিল ব্যবসায়ী নিহত হয়েছে।
এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) সৈয়দ বেলায়েত হোসেন, কনস্টেবল আনিছুর রহমান, মাহফুজ, জাহেদ হোসেন ও জাহিদুল ইসলাম।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে এসআই সৈয়দ বেলায়েত হোসেনসহ পাঁচ পুলিশ আলীনগরে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জেবু মিয়াকে আটক করেন।
জেবু এসময় ডাকাত বলে চিৎকার দিলে তার বাবা নুরুল ইসলামসহ ৩০/৪০ জন সশস্ত্র লোক পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়।
হামলাকারীদের হাত থেকে বাঁচতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ সুপারিনটেন্ডেন্ট (এসপি) মোহাম্মদ আলী মিয়া জানান, মাদক ব্যবসায়ীদের হামলার সময় নিজেদের রক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫১৭ ঘ.
bdnews24