ঝিনাইদহ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরের ব্যস্ততম এলাকা গীতাঞ্জলী সড়কে গহনা ঘর নামে একটি সোনার দোকানে চুরি হয়েছে।
রোববার দিনদুপুরে দোকানের সার্টার বাঁকা করে ভিতরে ঢুকে ১৪ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
ঝিনাইদহ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা অনিমেষ হালদার সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে সাধন কুমার ও রতন চন্দ্র দোকান বন্ধ করে বাসায় খেতে যান।
বিকাল সোয়া ৪ টার সময় ফিরে এসে দেখেন দোকানের সার্টারের এক পাশ বাঁকা। ওই অংশ দিয়ে কোনোভাবে একজন ঢুকতে পারে। ভিতরে ঢুকে তারা দেখেন শোকেস থেকে ৪০ ভরি স্বর্ণালংকার নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24