২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের পরিচালকের অব্যাহতি

অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

দিনাজপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। রোববার এইচসিডিপি, ঢাকা'র প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক এ কে আজাদ খান তাকে অব্যাহতি দেন। এর আগে ডা. ইজদানী অব্যাহতি চেয়ে আবেদন করেন। এ ব্যাপারে ডা. ইজদানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক একে আজাদ খান তাকে ঢাকায় ডেকে নিয়ে বলেন- অডিট রিপোর্টে আপনার বিরুদ্ধে অর্থ আত্মসাত প্রমাণিত হয়েছে। তাই আপনি স্বেচ্ছায় নির্বাহী পরিচালকের পদে ইস্তফা দিন। তা না হলে আপনাকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নিতে হবে। "পরিস্থিতি বিবেচনা করে আমি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় নির্বাহী পরিচালকের পদে ইস্তফা দিই," বলেন তিনি। এদিকে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ডা. ইজদানীকে পুনর্বহালের দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। এখনো চলছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ছাড়া অন্য কোনো সেবা কার্যক্রম চলেনি। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. লিয়াকত আলী সাংবাদিকদের জানান, ডা. ইজদানীকে আগের পদে পুনর্বহাল না করলে সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.