ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'সাংঘর্ষিক' আখ্যা দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯- এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)।
রোববার রাজধানীর এনআইএলজি মিলনায়তনে 'স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯-এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যত করণীয়' শীর্ষক আলোচনা সভায় ম্যাব-এর সভাপতি আজমত উল্লাহ খান এ দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, ভুমি মন্ত্রী রেজাউল করিম হিরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি অধ্যাপক সারোয়ার জাহান, স্থানীয় সরকার বিভাগের সচিব মঞ্জুর হোসেন, ন্যাশনাল ইন্সটিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) এর মহাপরিচালক কবীর মোহাম্মদ আশরাফ প্রমুখ।
আজমত উল্লাহ খান বলেন, পৌরসভা আইনের ১৯ ধারা দফা-২ এর (ঘ)-তে উল্লেখ রয়েছে, কোনো ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি লাভের পর পাঁচ বছর অতিবাহিত না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
তিনি আরও বলেন, একই আইনের ব্যাখ্যা ৩-এর (ত) এবং (থ)-এ উল্লেখ আছে, বিগত পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় দণ্ডবিধির ধারা ১৮৯ ও ১৯২ এর আওতায় কেউ দোষী সাব্যস্ত হলে এবং বিগত পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় দণ্ডবিধির ধারা ২১৩, ৩৩২, ৩৩৩ ও ৩৫৩ এর আওতায় সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তিনি অযোগ্য বিবেচিত হবেন।
সংবিধানের সঙ্গে পৌরসভা আইনকে 'সাংঘর্ষিক' অভিহিত করে আজমত উল্লাহ বলেন, "একই আইনে একবার বলা হচ্ছে দুই বছর, আবার বলা হচ্ছে যে কোনো মেয়াদে সাজাপ্রাপ্ত হলে নির্বাচনের অযোগ্য গণ্য করা হবে। এটা কালো আইন। এবং তা বাতিল করতে হবে।"
মেয়র ও কাউন্সিলরের সাময়িক বরখাস্তের বিধান সম্পর্কে তিনি বলেন, "আইনের ৩১ ধারায় বলা আছে, কোনো মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা যাবে। আদালতে যে কোনো মামলা হলেই বেশির ভাগ ক্ষেত্রে আমলে নেওয়া হয়। আমরা যারা রাজনীতি করি তাদের প্রতিপক্ষ একের পর এক মামলা করার সুযোগ খোঁজে। এই ধারাও বাতিল করতে হবে।"
একইভাবে তিনি পৌরসভা আইনের ৪৯ নম্বর ধারাও বাতিল দাবি করেন।
তার এ দাবি সম্পর্কে আইন মন্ত্রী বলেন, "এই আইনে (পৌরসভা আইনে) যেসব দুর্বলতা আছে তা বাতিল করা হবে। তবে এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। আমরা চাই স্থানীয় সরকার শক্তিশালী ও কার্যকর হোক।"
তিনি আরো বলেন, "২০০৯ সালের পৌরসভা আইনেই বলা হয়েছে, এ আইনে কোনো অসুবিধা দেখা দিলে দুই বছরের মধ্যে আদেশ দিয়ে তা দূর করা যাবে। তাই এই আইনের অসঙ্গতিগুলো দূর করার এখনো সময় আছে ।"
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাব-এর মহাসচিব অধ্যাপক শামিম আল রাজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০১৯ ঘ.
bdnews24