২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতা দখলকারীদের বিচার প্রচলিত আইনে করা যাবে না'

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় এখনো দেখেননি জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পত্রপত্রিকা পড়ে যতোটুকু জেনেছি, তাতে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিচার প্রচলিত আইনে করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় এখনো দেখেননি জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পত্রপত্রিকা পড়ে যতোটুকু জেনেছি, তাতে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিচার প্রচলিত আইনে করা যাবে না। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না? এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ আরো বলেন, "রায়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা থাকলে রায়ের আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে। "আমি জেনেছি, ভবিষ্যতে যাতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য জাতীয় সংসদকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংসদ আইন করে সামরিক শাসকদের বিচারের জন্য ব্যবস্থা নিতে পারে।" হাইকোর্ট গত ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে। সেইসঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে আদালত। সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর এ রায় দেয় হাইকোর্ট। এর আগে গত ২ ফেব্র"য়ারি সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে আপিল বিভাগ। ২০০৫ সালের ২৯ অগাস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করা হয়। রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়। সপ্তম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, "এই রায়ে ভবিষ্যতে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা নিরুৎসাহিত হবে। ভবিষ্যতে কেউ সংসদ ও সংবিধানের বাইরে থেকে ক্ষমতা দখল করতে পারবে না। "পঞ্চম সংশোধনীর মতোই সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছে। কারণ, এ বিষয়ে সংসদের অনুমোদন থাকলেও তা ছিলো অবৈধ। সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করার ক্ষমতা সংসদ বা অন্য কারোরই নেই।" বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মধ্যে একমাত্র এরশাদ বেঁচে আছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "কোনো ব্যক্তির বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংসদ ব্যবস্থা নিতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/কেএমএস/১৬২৭ ঘ.