২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 03:41 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি থেকে শনিবার তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সালমা আক্তার শান্তার (২২) বাসাও জামগড়া এলাকায়। তার পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ীর লোকেরা তাকে হত্যার পর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলো। শান্তা ইডেন কলেজে ইংরেজী ২য় বর্র্ষের (সম্মান) ছাত্রী ছিলো বলে তার মা শাহনাজ পারভিন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, গত মাসে সৌদি প্রবাসী ফরিদ আলমের সঙ্গে শান্তার বিয়ে হয়। তারপর থেকেই শান্তার স্বামী দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। শাহনাজ পারভিন বলেন, "শনিবার দুপুরে আমার ভাই চাঁনমিয়া খবর দেয় শান্তা অসুস্থ। এ খবরে আমরা শান্তার শ্বশুরবাড়ি যাই। কিন্তু সেখানে পৌঁছে দেখি বাড়িতে কেউ নেই, ঘরের দরজা-জানালা বন্ধ। "এরপর আশপাশের লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকি। তখন দেখি শান্তাকে খাটের উপর গলায় ওড়না পেচানো অবস্থায় কোনোরকমে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।" আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল ৫টার দিকে শান্তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/০৯৩২ ঘ.