২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মিয়ানমারের ৮ নাগরিক গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মিয়ানমারের আট নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 07:14 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মিয়ানমারের আট নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে ২০ নম্বর সেগুনবাগিচায় অবস্থিত নাজমা হোটেল থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন একটি নারী পাচারকারী দলের নেতা। তার নাম মোহাম্মাম ইয়াসিন (২৫)। তিনি কক্সবাজার পৌর এলাকার আব্দুস শুকুরের ছেলে। অন্যরা হলেন মিয়ানমারের মো. আব্দুল কাদের (৩২), মো. আলম (৪০), মো. রফিক (২০) মো. আব্দুল মালেক (৩০), মো. শফিক (২১), মো. জান্নাত উল্লাহ (১৮), জানে আলম (২৩) ও রেহানা আক্তার (১৮)। ডিবির উপ-পুুলিশ কমিশনার মইনুল হোসেন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত মিয়ানমারের নাগরিকরা টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। তিনি বলেন, ভূয়া ঠিকানায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে তাদেরকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নাজমা হোটেলে রাখা হয়েছিলো। তারা নিজেরা টেকনাফ ও মিয়ানমারের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৩০৬ ঘ.