খুলনা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার হোসেন জোয়ার্দ্দারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
ডুমুরিয়া উপজেলা সদরে একটি নসিমন স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানার ওসি মো. আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, গত ৩১ জুলাই সংঘর্ষে আহত হন আফছার হোসেন। এ ব্যাপারে তার ভাই শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার ডুমুরিয়া থানায় একটি মামলা করেন।
এতে আসামি করা হয় শিমুল বিশ্বাস, বকুল বিশ্বাসসহ কয়েক জনকে।
অন্যদিকে বকুল বিশ্বাস বাদি হয়ে আফছার ও তার ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে খুলনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর ভিত্তিতেই আফছারকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24