২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চৌক্ষের পলকে গায়েব'

আকস্মিক ভাঙনে কীর্তনখোলা নদীর গর্ভে 'চোখের পলকে' বিলীন হয়ে গেছে বরিশাল সদর উপজেলার নয়াণী গ্রামের জনতা বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 05:25 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

বরিশাল, ২৬ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিক ভাঙনে কীর্তনখোলা নদীর গর্ভে 'চোখের পলকে' বিলীন হয়ে গেছে বরিশাল সদর উপজেলার নয়াণী গ্রামের জনতা বাজার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ও সংরক্ষিত আসনের মেম্বর পিয়ারা বেগম। তারা জানান, বুধবার রাতের আকস্মিক ভাঙনে জনতা বাজারের একটি পাকা মসজিদ, ২০টি মুদী, মনোহরী ও চায়ের দোকানসহ বিশাল এলাকা কীর্তনখোলার গর্ভে চলে গেছে। বিশাল বিশাল মাটির খণ্ড নদীগর্ভে বিলিন হতে দেখে অনেকেই ভীত হয়ে পড়েছেন। ঘটনার দুই ঘণ্টা পরও জেলা, উপজেলা ও বন্দর থানার কর্মকর্তাসহ প্রশাসনের কেউ ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেন তারা। প্রত্যক্ষদর্শী ট্রলারচালক আশ্রাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাদুকর যেমন চৌক্ষের পলকে গায়েব কইরা হালায়, হেই রহমের মসজিদ, দোকান, বটগাছ কীর্তনখোলা গাঙ্গের মধ্যে ডুইবা গ্যাছে। মোরা হুদাই চাইয়া আছেলাম; কিছুই বোজদে পারলাম না।" রাজিব নামের একজন জানান, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অপর গ্রামবাসী সোহেল আকন জানান, অনেক পুরানো বাজারটি বিলীন হয়ে যাওয়ায় তাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। চেয়ারম্যান সুলতান আহমেদ ও মেম্বর পিয়ারা বেগম জানান, ভাঙনে বিশ্ব জাকের মঞ্জিল মসজিদ এবং মোশারেফ, আলাউদ্দিন, ওমর, রতন খাঁ, হাবিব, কদম আলী, ফারুক ও রাজিবের মুদি, মোনহারী ও চায়ের দোকান বিলীন হয়ে গেছে। রাতে দোকানগুলো বন্ধ থাকায় মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় কয়েকটি দোকান গ্রামবাসী সরিয়ে নেয় জানিয়ে তারা বলেন, ঘটনার দুই ঘণ্টা পরও বন্দর থানার কোনো পুলিশকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে থানার ওসি ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার দিবাগত রাত ১টার দিকে বলেন, "ঘটনাটা আমি জানি না। এই শুনলাম। এখনই যাচ্ছি।" এ ব্যাপারে রাতে জেলা প্রশাসক এসএম আরিফ-উর-রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজা মিয়ার সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২১ ঘ.