মৌলভীবাজার, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় পৌরসভার দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ২০টি দোকান, একটি পাজেরো, একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
মঙ্গলবার মধ্যরাতের এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
ওই সময় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
মৌলভীবাজার পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে মৌলভীবাজার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আহমদ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার রাতে কুসুমবাগ চত্বরে এক সমঝোতা বৈঠক বসে। কিন্তু বিরোধ নিষ্পত্তি না হয়ে দুপক্ষের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসীর উদ্বৃতি দিয়ে মৌলভীবাজার সদর থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, মাসুদ আহমদ বড়হাট এলাকা থেকে সোমবার রাতে চাঁদাবাজির অভিযোগে মিছির ও রিপন নামের দুই যুবককে ধরে নিয়ে আসে। রিপনকে ছেড়ে দিলেও মিছিরকে মারধর করে।
খবর পেয়ে বড়হাট এলাকাবাসী মিছিরকে ছেড়ে দিতে সোমবার রাত ১১টার দিকে মাসুদের বাড়ি ঘেরাও করে।
ওসি জানান, এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত ১২ টার দিকে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বৈঠক চলাকালে রাত সাড়ে বারোটার দিকে কিছু লোক মাসুদের বাড়িতে ইটপাটকেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলার ও মৌলভীবাজার চেম্বারের সহ-সভাপতি আকবর আলী জানান, বিষয়টি মীমাংসার জন্য সাবেক পৌর চেয়ারম্যান মাহমুদুর রহমান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উদ্যোগ নিয়েছেন।
বিরোধ নিম্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পৌরসভায় বৈঠক হবে।
মৌলভীবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24