মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স জীবাণু সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে মনে করেন সরকারের দুই মন্ত্রী।
প্রাণিসম্পদমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মনে করেন এ জীবাণু মানুষ থেকে মানুষে সংক্রমণশীল না হওয়ায় তা সারাদেশে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।
প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "শুধু আক্রান্ত কোন প্রাণিকে লালন-পালন, জবাই করা, চামড়া ছাড়ানো, মাংস কাটা বা রান্না এবং খাওয়ায় সংশ্লিষ্টদের শরীরে এটি ছড়িয়ে পড়তে পারে।
"তাই কোন পশু আক্রান্ত হলে তার কাছে না যাওয়া, জবাই না করা এবং এর মাংস না খেলেই এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।"
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির জানান, অ্যানথ্রাক্স সংক্রমিত প্রাণি জবাই এবং এর মাংস খাওয়ার কারণে এ পর্যন্ত এ দুই জেলার পাঁচটি উপজেলায় ১০৬ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের চিকিৎসায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কোনো গরু অ্যানথ্রাক্স আক্রান্ত কি না তা বোঝার পদ্ধতি সম্পর্কে দুই মন্ত্রী জানান, কোনো পশু মাথা নিচু করে থাকা, বেশি জ্বরে আক্রান্ত এবং নাক-মুখ দিয়ে রক্তপাত হলেই বুঝতে হবে তার শরীরে অ্যানথ্রাক্স জীবাণু সংক্রমণ ঘটেছে।
কোনো এলাকায় পশু আক্রান্ত হলে তা তাৎক্ষণিকভাবে প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্টদের জানানোর বিষয়েও তাগিদ দেন তারা। আক্রান্ত পশুকে নিধন করে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দেন তারা।
প্রাণিসম্পদমন্ত্রী জানান, এ পর্যন্ত সিরাজগঞ্জ এলাকার তিনটি থানা বেলকুচি, শাহজাদপুর ও কামারখন্দ এবং পাবনার বেড়া ও সাথিয়া এলাকায় গরু, ভেড়া ও ছাগলে অ্যানথ্রাক্স সংক্রমণ ঘটেছে। এ পর্যন্ত ১৮টি প্রাণি এ রোগে আক্রান্ত হয়েছে।
সরকারের পক্ষ থেকে এ্যানথ্রাক্স আক্রান্ত এলাকায় পর্যাপ্ত প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
লতিফ বিশ্বাস বলেন, "জেলা প্রশাসকের নেতৃত্বে সিভিল সার্জন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মী এবং বেসরকারি সংস্থার (এনজিও) প্রশিক্ষিত কর্মীরা এজন্য কাজ করছে। সারাদেশে এর বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্মীদের সতর্ক রাখা হয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"
এসব ঘা 'সিপ্রক্স' বা 'সিপ্রোসিন' জাতীয় অ্যান্টিবায়োটিক চার থেকে পাঁচদিন সেবনে রোগী সম্পূর্ণ সুস্থ হবে বলে জানিয়ে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী বলেন, "এতে কোনো রোগীর মারা যাওয়ার আশঙ্কা নেই। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮১২ ঘ.
bdnews24