গাজীপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে প্রবাস ফেরত এক যুবক খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ইটালি থেকে ছুটিতে বাড়ি আসা কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের জয়নাল আবেদিন মোড়লকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার বিকালে জয়নালের বাবা গিয়াস উদ্দিন মোড়ল ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- উপজেলার পৈলানপুর গ্রামের রুবেল (২২), জসিম (২৪) ও সিফাত (১৮), খৈকরা গ্রামের শরফুদ্দিন (১৮) ও জামাল উদ্দিন (২৫)।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, আজমতপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম আহম্মদ আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় খুন হন জয়নাল আবেদিন মোড়ল।
জয়নাল আবেদিন প্রায় দুই মাস আগে ইটালি থেকে বাড়ি ফেরেন।
ওসি জানান, রোববার রাতে তুচ্ছ ঘটনায় জয়নালের চাচা মোসলেহ উদ্দিনের সঙ্গে মসজিদের ইমামের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মোসলেহ উদ্দিন ইমামকে লাঞ্ছিত করেন। পরদিন সন্ধ্যা ৭টার দিকে জয়নাল তার চাচা মোসলেহ উদ্দিনের কাছে গিয়ে এর প্রতিবাদ জানান।
এক পর্যায়ে মোসলেহ উদ্দিনের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24