২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার জেলা প্রশাসকের বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহার

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে হাইকোর্ট। আদালতে হাজির হওয়ায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা প্রত্যাহার করেছে। সোমবার সকালে দুই ঘন্টা আদালতের কাঠগড়ায় দাড়িয়ে ছিলেন তিনি। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করের্ছিলো। জলমহালের ইজারা নিয়ে মৌলভীবাজারের জনৈক মো. জিল্লুর মিঞার দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২১ এপ্রিল মৌলভীবাজারের জেলা প্রশাসককে ওই জলমহালের খাজনা তার কাছ থেকে নিতে নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের ওই আদেশ জেলা প্রশাসক অমান্য করেছেন অভিযোগ এনে জিল্লুর মিঞার দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গত ১১ অগাস্ট আদালত অবমাননার রুল জারি করে। হাইকোর্ট তাকে ২২ অগাস্ট সশরীরে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেয়। কিন্তু জেলা প্রশাসক নির্ধারিত তারিখে হাইকোর্টে হাজির হননি। সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার তাকে আদালতে হাজির হওয়ার বিষয়টি জানালে জেলা প্রশাসক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। 'এটা কোন আদালত, আদালত' বলেও ওই জেলা প্রশাসক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। নজরুল ইসলাম তালুকদার বিষয়টি আদালতে জানালে হাইকোর্ট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/কেএমএস/১৬৩৯ ঘ.