চট্ট্রগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ফৌজদারহাটে একটি পণ্যবাহী ট্রাক ও গ্রিন লাইন ট্রান্সপোর্টের যাত্রাবাহী একটি ভলভো বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাস চালক মো. ইয়াসিন (৩৬) এবং ট্রাকচালক মো. জয়নাল (৩০)। ইয়াসিনের বাড়ি নোয়াখালী এবং জয়নালের বাড়ি ফেনী জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ সময় আহত হন বাসযাত্রী শামীম, রহমত এবং জাকির। তাদের "ট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড মহাসড়ক থানা পুলিশের ওসি ওহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চট্টগ্রামমুখী বাসটি সামনের বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইয়াসিন ও জয়নাল মারা যান।
তিনি জানান, এসময় মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএন/কিউএইচ/১১৩৯ ঘ.
bdnews24