২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ কেজি মাদক: বিমানকর্মী গ্রেপ্তার

৮০ কেজি মাদক চালানে জড়িত অভিযোগে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরের এক কর্মীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮০ কেজি মাদক চালানে জড়িত অভিযোগে হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরের এক কর্মীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকা থেকে কার্গো ভিলেজের সহকারী স্ক্যানিং মেশিন অপারেটর কুদরত-ই-খোদাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ জামান। বৃহস্পতিবার রাতে শুল্ক ও গোয়েন্দা বিভাগ কার্গো ভিলেজ থেকে মাদক সন্দেহে প্রায় ৮০ কেজি ওজনের একটি চালান উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোরশেদ জানান, কুদরত ওই মামলার এজাহারভুক্ত আসামী। তবে উদ্ধার করা বস্তুর নমুনা পরীক্ষার জন্য এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়নি বলে জানান তিনি। মোরশেদ বলেন, "দুইদিন সরকারি ছুটি থাকায় নমুনা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো সম্ভব হয়নি। রোববার পাঠানোর সম্ভাবনা রয়েছে।" বিমানবন্দরের শুল্কবিভাগ ও র‌্যাব তাদের নিজস্ব মেশিনে নমুনা পরীক্ষা করে ওই বস্তুকে 'এফিড্রিন' বলে সনাক্ত করেছে বলে জানিয়ে তিনি বলেন, "এগুলো বিভিন্ন মাদকের কাঁচামাল।" তবে ওই পরীক্ষার কোনো প্রতিবেদন তাকে দেওয়া হয়নি বলে জানান এসআই। তিনি বলেন, "এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি (১) (এ) ধারায় মামলা হয়েছে। এই ধারায় রপ্তানি নিষিদ্ধ পণ্যের কথা বলা হয়েছে।" দোষী প্রমাণিত হলে এই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/পিডি/১৯৫৮ ঘ.