গোপালগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা প্রশাসকসহ ১৩ কর্মকর্তার জাল সিল ও কাগজপত্রসহ গোপালগঞ্জে জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার মুকসুদপুর উপজেলার চণ্ডীবর্দি গ্রামের বাড়ি থেকে আব্দুল কুদ্দুস শেখ (৫৫) নামের এই ব্যক্তিকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি সাংবাদিকদের জানান, মুকসুদপুর উপজেলার সহকারী ভূমি কশিনারের কার্যালয় ঘিরে কুদ্দুস শেখের নেতৃত্বে একটি প্রতারক চক্র জালিয়াতি করে আসছে।
তারা জমির জাল কাগজপত্র তৈরি করে এলাকার মানুষকে প্রতারিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো।
র্যাব কর্মকর্তা শামীম জানান, কুদ্দুসের কাছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার জাল সিল ও বিপুল পরিমাণ কাগজপত্র পাওয়া গেছে।
কুদ্দুসকে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৫ ঘ.
bdnews24