সাভার, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলা সদরের থানা রোড থেকে ছাত্রদলের ১১ কর্মী ও ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে লাটিসোটা নিয়ে মহড়া দেওয়ার সময় পুলিশ তাদের আটক করে। জব্দ করা হয় অন্তত ৩০টি লাঠি।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিকাল আনুমানিক ৫টার দিকে সাভার থানা রোডের মুক্তি ক্লিনিকের মোড়ে লাঠিসোটা দিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা করছিলো তারা।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে অপর অংশের সমাবেশ ঠেকাতে ছাত্রদলের এসব কর্মী লাঠিসোটা নিয়ে মহড়া দিচ্ছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রদল কর্মী মাহফুজ (২৯), সোবাহান (৩০), সেন্টু (১৯), শোভন (২৮), পথিক (২৮), আসাদুজ্জামান (২৪), ফারুক হোসেন (২৯), আব্দুর রহিম গাজী (৩০), এরশাদ (২২), রিপন (৩০), সুমন (২২) ও উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল (২৮)।
ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়ে এসআই হাফিজুর রহমান জানান, তিনিও (আশরাফুল) ঘটনাস্থলে ছিলেন।
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24