চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নাসিরাবাদ এলাকায় একটি বস্তিতে আগুন লেগে ৯৭টি ঘর পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার মোহসিনের বস্তিতে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের নয়টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
তিনি জানান, বস্তিতে ছোট ছোট ৯৭টি ঘর ছিলো। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
আগুনের কারণ উদঘাটন করা যায়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪১৫ ঘ.
bdnews24