২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং: খিলক্ষেতে বখাটেদের হামলায় পুলিশসহ আহত ৮

ইভটিজিংকে কেন্দ্র করে রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার রাতে একদল বখাটের হামলায় চার পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভটিজিংকে কেন্দ্র করে রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার রাতে একদল বখাটের হামলায় চার পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। ঘটনার সময় পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) একটি পিস্তল ও দুটি ওয়াকিটকি খোয়া যায়। পরে অবশ্য ওয়াকিটকি দুটি উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের একটি পিকআপভ্যানসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক দ্বীন-ই আলম, উপ-পরিদর্শক হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন এবং কনস্টেবল (চালক) মো. ইমদাদ। তাদের সবাইকে স্থানীয় মেডিকেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে জনৈক তরুণী তাকে উত্ত্যক্ত করায় খিলক্ষেত থানায় ফোন করে পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক হাবিবুল ইসলাম একজন কনস্টেবলকে নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে রাজন নামে এক বখাটেকে আটক করেন। এ সময় রাজনের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। বখাটেরা হাবিবুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। তার পিস্তলটিও খোয়া যায়। পরে থানার ভারপ্রাপ্ত ওসি দ্বীন-ই আলম কয়েকজন পুলিশ সদস্য নিয়ে সেখানে গেলে বখাটেরা তাদের উপরও হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাংচুর করে। রাত সাড়ে ১২টায় পুলিশ কর্মকর্তা হাফিজ আক্তার জানান, খোয়া যাওয়া পিস্তল উদ্ধার এবং হামলাকারীদের ধরতে পুলিশ নিকুঞ্জ বেড়িবাঁধ এলাকায় অভিযান শুরু করেছে। রাত দুইটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইভটিজিং এর শিকার উত্তরার একটি কারিগরি বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার কয়েকজন বখাটে ছেলে তাকে প্রায় এক বছর ধরে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিলো। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নাচের স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই বখাটেরা তাকে আবারো উত্ত্যক্ত করলে সে এর প্রতিবাদ জানায়। এ নিয়ে বখাটেদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সে বিষয়টি ফোনে তার মাকে জানায়। বাসা থেকে তার মামা ফরিদুল ইসলাম নাসির ঘটনাস্থলে গেলে বখাটেরা তাকে মারধর করে। এসময় ওই তরুণী খিলক্ষেত থানায় ফোন করে পুলিশের সহায়তা চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/ডিডি/এএনএস/এইচএ/০১৪৫ ঘ.