নরসিংদী, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলার ক্ষিধিরপুর ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অপর এক ব্যক্তি।
নিহতের নাম হারুন মিয়া (২৪)। তার বাড়ি ভাওয়ালিয়াপাড়া গ্রামে।
মনোহরদী থানার ওসি মিয়া কুতুবুর রহমান চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ভাওয়ালিয়াপাড়া গ্রামের রমজান আলীর বাড়িতে ১০/১২ জনের ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড়সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার জন্য গুলি ছুড়ে। এতে হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
রহিছ মিয়া নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪১২ ঘ.
bdnews24