বাগেরহাট, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা সমুদ্র বন্দরকে আরো ব্যবহার উপযোগী করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
শুক্রবার মংলা সমুদ্র বন্দর ও মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের তিনি একথা বলেন।
এছাড়া দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে এই অঞ্চলে একটি বাণিজ্যিক এলাকা গঠনের ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে তিনি বলেন, "এই বাণিজ্যিক এলাকা তৈরি করা গেলে সমুদ্র বন্দরগুলো সেখানে বিশেষ ভূমিকা রাখতে পারবে। এই সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরকে আরো ব্যবহার উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।"
মন্ত্রী বলেন, মংলা বন্দর ব্যবহারের ব্যাপারে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া সমুদ্র সম্পদ রক্ষা ও সীমানা নির্ধারণ নিয়ে ভারত ও মায়ানমারের সঙ্গে আর্ন্তজাতিক পর্যায়ে আলোচনা চলছে।
সকাল ১০টায় খুলনা থেকে মংলা পৌঁছে পররাষ্ট্র মন্ত্রী মংলা বন্দর জেটি, পশুর নদীর চ্যানেল ও ইপিজেড এলাকা পরিদর্শন করেন।
এরপর তিনি বন্দরের সভাকক্ষে বন্দরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, পুুলিশ সুপারিনটেন্ডেট খন্দকার রফিকুল ইসলাম ও মংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24