ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে অসাধু ব্যবসায়ীদের 'সিন্ডিকেট' ভাঙতে সরকার ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে প্রতিযোগিতা বাড়ানো। কিন্তু দেশে অল্প কিছু লোকই শুধু বিত্তশালী। তাই বাজারে প্রতিযোগিতা নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (এসসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
মুহিত বলেন, চিনির বাজারের ক্ষেত্রে বলতে গেলে পাঁচজন এটি নিয়ন্ত্রণ করে। তবে সয়াবিন তেলের বাজার কিছুটা ভাল।
প্রতিযোগিতা আইন কবে নাগাদ হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ আইন হবে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে চূড়ান্ত হতে আরো কিছুটা সময় লাগবে।
ভারতকে টান্সশিপমেন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারতকে ট্রান্সশিপমেন্ট দেওয়ার ব্যাপারে দর-কষাকষি হবে। বাংলাদেশ ট্রানজিট দেশ হলে, এ থেকে আমাদের লাভবান হতে হবে।
এসসিসিআই'র সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুহিত জানান, তারা বলেছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়ানো এবং উন্নত যোগাযোগ স্থাপনে আগামী বছরের ফেব্র"য়ারিতে আটটি দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হবে।
সার্ক চেম্বার অব্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সম্মেলনের আয়োজন করবে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৪০ ঘ.
bdnews24