ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ১৫৬ সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
১৫৬ সদস্যের এই জাতীয় কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিয়ার রহমান, সাংসদ, শিক্ষাবিদ, সচিব, ব্যাবসায়ী, কবি, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব।
এছাড়া কমিটিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান, শেখ রেহানা, বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, শিল্পী কলিম শরাফী, অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, ররীন্দ্র চর্চা কেন্দ্রের সভাপতি আহমেদ রফিক, শিল্পী পাপিয়া সারোয়ার প্রমূখ রয়েছেন।
তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় কমিটির কার্য পরিধি হবে- নীতি নির্ধারণী ও জন্মবার্ষিকী পালন সংক্রান্ত নির্দেশনা ও সময়সূচি সংক্রান্ত পরামর্শ প্রদান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৩ ঘ.
bdnews24