২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইটভাটা উচ্ছেদ, ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সীতাকুণ্ড সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে পাঁচ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে কেএমএল নামের ইটভাটা থেকে পাঁচ লাখ ইটও জব্দ করা হয়। ইটভাটাটির মালিক স্থানীয় আক্তার কামাল নামে এক ব্যক্তি। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই ১০ বছর আগে সমুদ্র সৈকতের সবুজ বেষ্টনীর পাশে এ অবৈধ ইটভাটাটি গড়ে তোলা হয়। পরিবেশের ক্ষতির পাশাপাশি এ দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ গাছও ধবংস করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, সাগরের জোয়ারের পানি ঠেকাতে তারা বাঁধও দিয়েছিলো। সৈকত লাগোয়া এই বাঁধের নিচের অংশের মাটি দিয়ে ইট তৈরি হতো। তিনি বলেন, পরিবেশ আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। এ কারণেই ভাটাটি উচ্ছেদ করা হয়েছে। এর পাশে একই মালিকের আরো একটি ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সেটিও উচ্ছেদ করা হবে। মুনীর চৌধুরী আরো জানান, একই এলাকায় কেবিএম ও রাজা ব্রিকস নামে আরো দুটি ইটভাটা রয়েছে। কিন্তু কোনটিরই পরিবেশ ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর কাট্টলী এলাকার এসব ইটভাটাকে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার না পাওয়ায় মামলা করেছে। মামলা বিচারাধীন থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১০৬ ঘ.