২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার জানতে চেয়েছে হাইকোর্ট

গত ১০ বছরে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিলো আগামী এক মাসের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১০ বছরে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিলো আগামী এক মাসের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত ১০ বছরে বাজেটে কত বরাদ্দ দেওয়া হয়েছিলো তা জানাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিবকে আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশ চেয়ে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, সারোয়ার আহাদ চৌধুরী, আসাদুজ্জামান সিদ্দিকী ও তপন কুমার দাস। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জাতীয় ও আন্তর্জাতিক কোন কোন সংস্থা কী কাজ করছে তার তথ্য জানাতে আদালত নির্দেশ দিয়েছে। এছাড়া অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণে কেনো নির্দেশ দেওয়া হবে না সরকারকে এক মাসের মধ্যে তা জানাতে বলা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সব বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে কোনো নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। পাশাপাশি গ্রাম ও শহরের অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে আলাদা ও স্বাধীন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে কেনো নির্দেশ দেওয়া হবে না তা জানাতে বলা হয়েছে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৫ জনকে বিবাদি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬২০ ঘ.