ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সংসদ, মন্ত্রীপাড়া এবং এমপিপাড়াসহ ভিআইপি এলাকাতেও লোডশেডিং করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'বঙ্গবন্ধু ছাত্র পরিষদ' আয়োজিত 'রক্তাক্ত আগস্ট শোকাহত বাঙালি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, "বিদ্যুৎ-পানি-গ্যাস সংকট আমাদের নাগরিক সমস্যার অন্যতম। দেশের এ সব সমস্যার সঙ্গে সবাই চলে। তবে সংসদ, মন্ত্রীপাড়া এবং এমপিপাড়ায় লোডশেডিং হয় না। এটা আমাকে বেদনা দেয়। আমি মনে করি এ সব জায়গাতেও লোডশেডিং করা উচিত।"
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, "মন্ত্রী-এমপিরাতো দেশের জনগণেরই প্রতিনিধিত্ব করে। তাই জনগণের সমস্যা থেকে তাদের বিচ্ছিন্ন থাকা উচিত নয়।"
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, "লোডশেডিং দেওয়ার ক্ষেত্রে একটু সময় বিবেচনা করবেন। ইফতার, তারাবি এবং সেহরির সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলেতো মানুষ ক্ষুব্ধ হবেই।"
আওয়ামী লীগের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংকটকে সহনীয় মাত্রায় নামিয়ে আনা হবে বলে জানান ওবায়দুল কাদের।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "বিদ্যুৎ-পানি-গ্যাস নিয়ে রাজনীতি করবেন না। আমরা ব্যর্থ হলে জনগণই আমাদেরকে বিদায় করে দেবে। আপনারাও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। জনগণ আপনাদের বিদায় করে দিয়েছে। এ বিষয়টি আমাদের স্মরণে আছে।"
'১৫ অগাস্ট যদি খালেদা জিয়ার জন্মদিন হয়ও' জাতীয় শোক দিবসে এ জন্মদিন পালন না করার অনুরোধ করেন ওবায়দুল কাদের।
জিয়ার সঙ্গে বঙ্গবন্ধুকে তুলনা করে বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দিলে তার জবাব না দেওয়ার জন্য তিনি আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "বঙ্গবন্ধু হচ্ছেন মহাকাব্য আর জিয়া হচ্ছেন পাদটীকা। এ দুটির মধ্যে কোন তুলনা হয় না।"
তবে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক হিসাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান মূল্যহীন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপির কিছু কাজের জন্য দেশের জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হচ্ছে না। এগুলো হচ্ছে ১৫ অগাস্ট খালেদার জন্মোৎসব পালন, জিয়াকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করা, কথায় কথায় ভারত জুজুর ভয় দেখানো, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যায় বিভিন্ন প্রচেষ্টা চালানো।
ভবিষ্যতে এ সব কাজ না করতে তিনি প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, খোন্দকার মোজাম্মেল হক, ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার কবির প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৮৪০ঘ.
bdnews24