২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় আপাতত পরিদর্শকরাই থাকছে

সারাদেশের থানাগুলোতে ওসি পদে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সারাদেশের থানাগুলোতে ওসি পদে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে পুলিশ। বুধবার পুলিশ সদরদপ্তরে বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। তিনি জানান, থানাগুলোতে ওসি পদে এএসপি নিয়োগের বিষয়টি আপাতত স্থগিত রেখে প্রতিটি থানায় দুজন করে পরিদর্শক নিয়োগের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ৫ আগস্ট পুলিশের নীতি নির্ধারণী সভায় প্রতিটি থানায় ওসি পদে সহকারী পুলিশ সুপারকে নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রথম পর্যায়ে মহানগরের থানাসহ সারা দেশে ৬৩টি থানায় এই নিয়োগ দেওয়ার কথা ছিল। বৈঠক শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভায় থানায় ওসি পদে এএসপি নিয়োগের বিষয়টি পিছিয়ে গেছে। আমি এই নিয়োগের বিষয়টি ধীরে ধীরে কার্যকর করার প্রস্তাব দিয়েছি।" পুলিশ সদরদপ্তরের সহকারি মহাপুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, থানায় দুইজন করে পরিদর্শক নিয়োগের যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে। তাই ওসি পদে এএসপি নিয়োগের আগে সেই সিদ্ধান্ত কার্যকরে ব্যবস্থা নেওয়ার জন্য সভায় সিদ্ধান্ত হয়। তিনি আশা প্রকাশ করেন যে, থানায় দুইজন করে পরিদর্শক নিয়োগ এ মাসেই কার্যকর হবে। তবে তার আগে প্রায় সাড়ে ৫শ' উপপরিদর্শককে পদোন্নতি দিয়ে পরিদর্শক করা হবে। তাদেরকেই থানায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দেওয়ার পর যারা জ্যেষ্ঠ তারা ওসির দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জিএনএ/এইচএ/২০০০ ঘ.