২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিচার: সরকারি কৌঁসুলিকে হত্যার হুমকি

সারাদেশে বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কাজে নিয়োজিত সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজলকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সারাদেশে বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার কাজে নিয়োজিত সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজলকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় জিডি করেছেন তিনি। বার্তায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম এবং বিদ্রোহের বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম তদন্তকারী কর্মকর্তা মেজর জাহিদকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। গত ১২ জুলাই পিলখানা হত্যাকান্ডের ঘটনায় ৩৯ জন বেসামরিক লোকসহ ৮'শ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মোশাররফ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলাতেও সরকার পক্ষে অন্যতম আইনজীবী ছিলেন। হুমকির বিষয়ে বুধবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রাত ২টা ২৯ মিনিটে রাতে আজ (বুধবার) সকাল ১১টা ৪৪ মিনিটে ০১৬৭৫২৭২৪৯৬ নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দিয়ে দুটি এসএমএস পাঠানো হয়েছে। এতে বিডিআর প্রধান এবং মেজর জাহিদকেও একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়।" মোশাররফ হোসেন বলেন, "বিডিআর প্রধান, সিআইডিসহ সরকারের বিভিন্ন সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।" প্রথম বার্তায় লেখা হয়েছে, "কাজল তুমি মেজর জাহিদ অ্যান্ড ডিজি রফিক অ্যান্ড আদারস অফিসার যদি তোরা তোদের সন্তানদের এতিম বানাতে চাস নাকি চাস না? তোদের কারণে অনেক নির্দোষ বিডিআর-এর লাইফ এবং ফ্যামিলি ড্যামেজ হয়ে যাচ্ছে। অতএব কাফনের কাপড় সাথে রাখিস কারণ তোদের মরণের কোনো সময় নাই। যে কোনো মুহুর্তে তোদের জীবন প্রদীপ নিভে যেতে পারে। নেক্সট টাইম আবার এসএমএস পাবি।" দ্বিতীয় বার্তায় লেখা রয়েছে, "আমরা চাই মহান আর্মি অফিসারদের হত্যার বিচার। আমরা চাই না বিডিআর ড্যামেজ হয়ে যাক। ৮'শ ৩০ জনের নামে চার্জশিটের পরেও তোরা নির্দোষ বিডিআরদের লাইফ ড্যামেজ করে দিতেছো। তাই তোরা মৃত্যুর জন্য ওয়েট কর। তোরা ভালো ভাবে জানোস যে সরকার অ্যান্ড ভারত মিলে বিডিআর বিদ্রোহের মত জঘন্য কাজটি করেছে। তারপর যারা অপরাধ করেছে তারা নিজেরাই অপরাধ স্বীকার করেছে এবং বলেছে পিলখানার অন্য সব বিডিআররা সবাই নির্দোষ। তাই মৃত্যুর আগে যা কিছু খাবার দরকার তা খেয়ে নে। নেক্সট টাইম আবার এসএমএস পাবি মৃত্যুর আগে।" গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। বিদ্রোহের মামলায় ইতিমধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয় ও সুনামগঞ্জে রায় হয়েছে। এতে কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলতি আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২০০৫ঘ.