২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী উৎসব শুরু

'বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐক্যের ধারায় আমরা সবাই' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে শুরু হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দুইদিনব্যাপী উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 04:34 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐক্যের ধারায় আমরা সবাই' স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে শুরু হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দুইদিনব্যাপী উৎসব। সোমবার বিকালে আলোচনা সভার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করেছে। আলোচনা সভায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, "আদিবাসী জনগণ ঐতিহাসিকভাবে বাঙালি পরিচয়ে পরিচিত হতে বাধ্য নন। আমরা নানাভাবে তাদের সেটা করতে বাধ্য করছি। "আদিবাসীদের সঙ্গে এই আচরণ আমাদের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনার বিরোধী। কারণ, পাকিস্তানীরা আমাদের মাতৃভাষার অধিকার ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত করায় সে সময় আমরা সংগ্রাম করেছিলাম।" মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম এতে সভাপতিত্ব করেন। মেলায় বিভিন্ন আদিবাসী সংগঠনের ২২ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে স্থান পেয়েছে- আদিবাসীদের উৎপাদিত বিভিন্ন ধরনের ধান ও অন্যান্য শস্য, জুম চাষের উপকরণ, পোশাক, নানা ধরনের শিল্পকর্ম ও আদিবাসীদের উপর রচিত বিভিন্ন গ্রন্থ। উৎসবের আয়োজনে রয়েছে- আলোচনা সভা, আদিবাসী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ময়মনসিংহ, রাজশাহী ও গাজীপুরের আদিবাসীরা অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২২২০ঘ.