ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পানি সচিব ও বাংলাদেশ টুডে পত্রিকার সাবেক সম্পাদক এম আসাফউদদৌলার বিরুদ্ধে আদালত অবমাননার স্বপ্রণোদিত রুল জারি করেছে হাইকোর্ট।
আদালত অবমাননার অভিযোগে তাকে কেন শাস্তি দেওয়া হবে না আগামী ১৯ অগাস্ট তাকে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে তার কারণ জানাতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
গত ৭ অসাস্ট দৈনিক সমকাল পত্রিকায় "আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফউদদৌলা" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি আদালত অবমাননাকর দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন হাইকোর্টের নজরে আনেন।
প্রতিবেদনটির ওপর জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রব চৌধুরী, ব্যারিস্টার রফিকুল হক, এ এস এম মেজবাহ উদ্দিন, আব্দুল মতিন খসরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাসহ আইনজীবীদের বক্তব্য শোনে আদালত।
আদেশে আদালত জানায়, এই বক্তব্য আদালতের মর্যাদা ও সম্মান জনগণের কাছে ক্ষুন্ন করে কিনা সে জন্য রুল জারি করা প্রয়োজন।
আদালত অবমাননার রুলের শুনানিতে সহায়তার জন্য ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরীসহ ১৩ জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/২০০৯ ঘ.
bdnews24