ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জ ও চাঁদপুরে সোমবার বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও গ্রাহকরা। বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ও ভাংচুর করে।
ভাংচুরের ঘটনায় কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: দুপুরে বাজিতপুর শিল্প ও বণিক সমিতির উদ্যেগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পাঁচ শতাধিক লোকের এ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলকারীদের একটি অংশ বিদ্যুৎ কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। এতে ছয় বিক্ষোভকারী আহত হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনুর আলম।
আহতদের মধ্যে স্বর্ণ ব্যবসায়ী নন্দ দুলাল সরকারকে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাজিতপুর থানার ওসি আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।
আহত এসআই শাহনুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাজিতপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পল্লী বিদ্যুত সমিতিকে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ঘেরাও কমৃসূচি পালন করেছেন তারা।
অবস্থার উন্নতি না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুর: মতলব দক্ষিণ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাজু জানান, রোববার বেলা ১১টার দিকে মতলব বাজারের ব্যবসায়ী ও গ্রাহকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।
এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ কার্যালয় এবং সংস্থার উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) বাসভবনে হামলা চালায়।
তবে এই ঘটনায় কেউ আটক বা থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ইউএনও হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রাহকদের দেওয়া স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। যাতে এখানে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়।
মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক আকতার হোসেন বলেন, হামলার ঘটনাটি দু:খজনক। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24