২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা মামলায় মুফতি হান্নানের সাতদিন রিমান্ড

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সী ও তার সহযোগী আরিফ হাসান সুমনকে হেফাজতে (রিমান্ডে) নিয়েছে সিআইডি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

গোপালগঞ্জ, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সী ও তার সহযোগী আরিফ হাসান সুমনকে হেফাজতে (রিমান্ডে) নিয়েছে সিআইডি পুলিশ। রোববার গোপালগঞ্জের জৈষ্ঠ্য বিচারিক হাকিম মোল্যা সাইফুল আলম মুফতি হান্নানের সাত দিনের ও সুমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩ জুন মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় সাপ্তাহিক প্রার্থনা চলাকালে বোমা হামলায় ১০ খৃস্টান যুবক নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় বোমা হামলা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা সংক্রান্ত পৃথক দু'টি মামলায় আসামি ও সাক্ষীরা হাজির না হওয়ায় রোববার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক গোলাম মুরশেদের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠে জনসভা স্থলে দুটি বোমা পুতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ৮৯ জন সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পুনরায় ওই ৪১ জনের সাক্ষ্য গ্রহণের জন্য মামলার স্পেশাল এপিপি রঞ্জিত কুমার গামা আদালতে আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫৪ ঘ.