২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমতলের আদিবাসীদের জন্যেও ভূমি কমিশন

পাবর্ত্য এলাকার মতো সমতলের আদিবাসীদের ভূমির মালিকানা নিয়ে সমস্যার সমাধানেও কমিশন করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাবর্ত্য এলাকার মতো সমতলের আদিবাসীদের ভূমির মালিকানা নিয়ে সমস্যার সমাধানেও কমিশন করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। এক্ষেত্রে পার্বত্য তিন জেলার (রাঙামাটি, বান্দারবান, খাগড়াছড়ি) ভূমি বিরোধ নিরসনে গঠিত কমিশনকে দায়িত্ব দেওয়া হতে পারে অথবা স্বতন্ত্র কমিশন গঠন করা হতে পারে বলে জানান তিনি। শনিবার আগারগাঁও এলজিইডি মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে 'আদিবাসী জাতিগোষ্ঠীর ভূমির অধিকার ও উন্নয়ন' শীর্ষক সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, "আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান না করা গেলে অন্য সমস্যার সমাধানে অগ্রগতি হবেনা। ভূমির মালিকানা নিয়ে আদিবাসীদের যে বিরোধ রয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।" "আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারে আদিবাসীদের ভূমি মালিকানার বিরোধ নিরসনে কমিশন গঠনের সুস্পষ্ট ঘোষণা রয়েছে। এর ভিত্তিতেই এ বিরোধ নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে", বলেন তিনি। এ বিষয়ে মন্ত্রী গত বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠিও (ডিও লেটার) দিয়েছেন। সাংবিধানিকভাবেও আদিবাসীদের জাতিসত্ত্বার স্বীকৃতি থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে এ বিষয়ে কাজ করার সুযোগ এসেছে।" তিনি বলেন, "এদেশের মানুষ যুগ যুগ ধরে বিদেশী শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তারই ধারাবাহিতকায় মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আদিবাসীরাও অংশ নিয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠায় শুধু সচেতনতা সৃষ্টি করলেই হবে না, আদিবাসী এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। নিজ নির্বাচনী এলাকা মধুপুরের আদিবাসীদের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, "এ এলাকার যে সকল আদিবাসী বনভূমি উজারের সঙ্গে জড়িত ছিল, তাদের চিহ্নিত করা হয়েছে। এ লক্ষ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পে চিহ্নিত এ সকল আদিবাসীদের দক্ষতার উন্নয়ন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।" অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম যৌথভাবে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। সমাপনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাকমা সার্কেলের চীফ ও জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার দেবাশীষ রায়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও আদিবাসী ফোরাম সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন মানবাধিকার কর্মী সারা হোসেন, এএলআরডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদা ও ব্র্যাকের সামাজিক উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিন্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এসএএ/১৯৫২ঘ.