সাতক্ষীরা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য সাতক্ষীরায় এক নারীকে তার স্বামী কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার শ্রীকলস গ্রামে এই ঘটনার পর লোকজন অভিযুক্ত সিরাজুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের নাম- সালমা খাতুন (২১)। তিনি উপজেলার কাঁদাকাটি গ্রামের আব্দুল হামিদ সরদারের মেয়ে।
সালমার মা আয়েশা খাতুন স্থানীয় সাংবাদিকদের জানান, দুপুরে মাছ ধরার কথা বলে সালমাকে বাড়ির পিছনের পুকুরপাড়ে নিয়ে যান সিরাজুল। সেখানেই দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি আরো জানান, শ্রীকলস গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে সিরাজুলের সঙ্গে কয়েক বছর আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য সালমাকে মারধর করতেন সিরাজুল।
এক পর্যায়ে সালমা বাদি হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিরাজুলের বিরুদ্ধে মামলা করেন এবং বাবার বাড়ি চলে আসেন।
দুই মাস আগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের মাধ্যমে মীমাংসার কথা বলে সালমাকে ফিরিয়ে নেয় সিরাজুল। কিন্তু কিছুদিনের মধ্যে আবার যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন।
আশাশুনি থানার ওসি ফজলুল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সালমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সালমার মা আয়েশা খাতুন বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। আটক সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৫ ঘ.
bdnews24