২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১,৪৫১ বোতল ফেনসিডিল আটক, গ্রেপ্তার ৫

জয়পুরহাট ও গাজীপুরে সাড়ে ১৪শ' বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট ও গাজীপুরে সাড়ে ১৪শ' বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলায় এক হাজার ৮৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করে রংপুরের র‌্যাব-৫ এর একটি দল। আটক করা হয় দুজনকে। আগেরদিন রাতে গাজীপুর সদরের লক্ষ্মীপুরা এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয় ৩৬৫ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এক মহিলাসহ তিনজনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রংপুর: শুক্রবার দুপুরে রংপুর র‌্যাব-৫ এর কর্মকর্তা ক্যাপ্টেন আহসান হাবিব সাংবাদিকদের জানান, সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রপুর গ্রামে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ৮৬ বোতল ফেনসিডিল আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, ফেনসিডিলগুলো প্রাইভেটকারের বিভিন্ন স্থানে বিশেষভাবে তৈরি কুঠুরিতে রাখা ছিলো। তিনি জানান, মাদক পাচারের অভিযোগে পাবনার ভাঙ্গুরা উপজেলার সর্দার পাড়ার আলাউদ্দিন ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মঙ্গলপুরের জয়নালকে আটক করা হয়েছে। গাজীপুর: জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, পুলিশ সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকার আবুল হাসেমের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। হাসেমের বাড়ির রান্নাঘর ও গোসলখানার দেয়ালে বিশেষ কায়দায় বানানো কুঠুরি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। পুলিশ হাসেমের ছেলের বউ লিপি আক্তারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য দুজন হলেন- সাইফুল ও মিন্টু। তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি জানান। তিনি আরো জানান, শুক্রবার বিকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.