পাবনা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঢালারচরে তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি চরমপন্থী নেতা নুরু মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নুরু পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার রাজবাড়ী অঞ্চলের অন্যতম শীর্ষ নেতা আব্দুল খালেক ওরফে গেদু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মৌকুরীরচরের একটি পাটক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নুরু মন্ডল (৫৩) পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দড়িচর গ্রামের ঝরু মন্ডলের ছেলে।
পাবনার পুলিশ সুপার (এসপি) জামিল আহমেদ ও রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) এস আইনুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবনা ও রাজবাড়ী পুলিশ যৌথভাবে বিকেল সাড়ে ছয়টার দিকে মৌকুরীরচরের একটি পাটক্ষেত থেকে নুরুকে গ্রেপ্তার করে।
তিন পুলিশ হত্যার পর নুরু গা ঢাকা দিয়ে মৌকুরীরচরে দিনমজুর পরিচয় দিয়ে ক্ষেত খামারে কাজ করতো।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নুরু ঢালারচরে তিন পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নুরু ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর চরমপন্থীদের গুলিতে নিহত পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হেদায়েতুল ইসলাম হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এ ছাড়া পাবনার সাদাচরে ছয় কৃষককে হত্যা, বেড়া উপজেলার দাসপাড়ার আব্দুল মতীন, রামপুরার মুন্না মণ্ডল, ধরাই গ্রামের আইন উদ্দিন ও নুরু মিয়া, ঢালারচরের সরোয়ার, দড়িচরের বাচ্চ,ু আমিরাবাদের জয়েনসহ ২০টি হত্যা মামলার পলাতক আসামি।
২০টি হত্যা মামলা ছাড়াও নুরুর বিরুদ্ধে অন্য অভিযোগে আরো চারটি মামলা রয়েছে।
গত ১৯ জুলাই পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের রাজধরদিয়া চরে লাকড়ি কেনার কথা বলে এক এসআইসহ ৩ পুলিশকে ডেকে নিয়ে ব্রাশফায়ার করে হত্যা করে চরমপন্থিরা।
এ হত্যার ঘটনায় আয়ুব মোল্লা নামক এক চরমপন্থী স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৪৫ ঘ.
bdnews24