ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানি নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আবেদনকারীকে পাঁচ হাজার টাকা খরচ দেওয়ার জন্যও নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ বিশ্ব শান্তি পরিষদের সভাপতি দেব নারায়ন মহেশ্বরের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত ২৬ জুলাই দেব নারায়ন রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে হযরত ইসমাইলের জায়গায় হযরত ইশহাকের নাম ইসলামী শিক্ষার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ চাওয়া হয়।
রিট আবেদনটির ওপর শুনানিতে দেব নারায়ন মহেশ্বর বলেন, কোরআন শরিফ, ইঞ্জিল শরিফ, এবং তাওরাতে বলা আছে, হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় পুত্র হযরত ইশহাক (আঃ) কে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন।
তিনি বলেন, "কিন্তু সমস্ত পাঠ্যপুস্তকে বলা আছে, হযরত ইব্রাহিম (আঃ) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন। এটি অসত্য ও পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।"
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা রিট আবেদনটির বিরোধিতা করে শুনানিতে বলেন, অসৎ উদ্দেশ্যে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে। আবেদনটি সংবিধানের ১০২ (২) অনুচ্ছেদ অনুযায়ী অচল।
তিনি আরও বলেন, দেশের আপামর শান্তিপ্রিয় মুসলিম জনগনের মধ্যে ক্ষোভ ও অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে।
আদেশের পর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ভবিষ্যতে যেন এ ধরনের বিষয় নিয়ে কেউ রিট আবেদন দায়ের না করে, এজন্য আদালত আবেদনকারীকে পাঁচ হাজার টাকা খরচ দিতে বলেছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে শুনানিতে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক-আল জলিল ও সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২১০৪ ঘ.
bdnews24