ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বুধবার এক বহিরাগতকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম এনামুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কলাভবনের সামনে কয়েকজন ছাত্রীকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে এনামুল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র তাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করে। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক এনামুলকে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে। কলা ভবনের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্ত্যক্তকারীকে আসামি করে থানায় তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/২১২৫ ঘ.
bdnews24