ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে ভূমিদস্যু বা বিশেষ কাউকে কোনো সুযোগ বা ছাড় দেওয়া হবে না।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান মঙ্গলবার ঢাকার রামচন্দ্রপুর, কাটাসুর, হাজারিবাগ ও কল্যাণপুর 'ক' খাল পরিদর্শন শেষে ঢাকা ওয়াসার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
শাজাহান খান জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগসহ অন্যান্য নদ-নদীর নাব্যতা, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্স এর সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ওয়াসার খাল পুনরুদ্ধার ও দূষণমুক্ত করার কাজ চলছে। টাস্কফোর্সের সভার সিদ্ধান্ত অনুযায়ী মিটফোর্ড হাসপাতালের বর্জ্য এখন আর বুড়িগঙ্গা নদীতে পড়ছে না। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে বর্জ্য উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী বলেন, "কল্যাণপুর 'ক' খালের অবস্থা দেখে মনে হয়েছে এটি কোনো দৃশ্যমান খাল নয়। চারদলীয় জোট সরকারের স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালীরা এটি অবৈধভাবে দখল করে নিয়েছে।"
অন্য খালগুলোর অবস্থা খুবই করুণ জানিয়ে সেগুলো উদ্ধার ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
ঢাকা মহানগর এলাকায় ওয়াসার খাল দখল ও দূষণমুক্ত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে
শাজাহান খান বলেন, "সুনির্দিষ্ট সময়ের মধ্যে খাল উদ্ধার ও সেগুলো দূষণমুক্ত করতে হবে। ঢাকা ওয়াসার খাল দখলমুক্ত ও দূষণমুক্ত করার ক্ষেত্রে সরকার কাউকে বিশেষ সুযোগ দেবে না।"
খাল উদ্ধার ও দূষণমুক্তকরণ এবং অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ আসলামুল হক, ঢাকা ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/ডিডি/এইচএ/২৩৫১ ঘ.
bdnews24