ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে সুপারিশ পেশের সিদ্ধান্ত নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির বৈঠক শেষে এর সভাপতি বগুড়া-৩ আসনে বিএনপি'র সাংসদ আবদুল মোমিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে প্রায় আড়াই ঘন্টা স্থায়ী এই বৈঠক শেষে আবদুল মোমিন তালুকদার বলেন, "সাবের হোসেন চৌধুরী সংবিধানে পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বৈঠকে উত্থাপন করেন। তিনি আমাদের জানিয়েছেন, পৃথিবীর ১১৭টি দেশের সংবিধানে পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়টি আছে। কিন্তু, আমাদের সংবিধানে এমন কিছু নেই।"
মোমিন তালুকদার আরো জানান, বৈঠকে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদসহ সবাই সাবের হোসেন চৌধুরীর এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। এ বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে সুপারিশ পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাষ্ট্রের পরিবেশ ও জীববৈচিত্রের ভারসাম্য এবং জলাশয় ও বনাঞ্চল রক্ষার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, "আফগানিস্তানসহ পৃথিবীর ১১৭টি দেশের সংবিধানে পরিবেশের বিষয়টি স্থান পেয়েছে। কিন্তু, আমাদের সংবিধানে এখনো পর্যন্ত এই বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়নি। এই বিষয়গুলো যেন সংবিধানের অন্তর্ভূক্ত করা হয়, সেজন্য কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২১১০ ঘ.
bdnews24