বগুড়া, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর বর্তমান সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদ ওরফে আনোয়ার আলম খোকা ওরফে নাজমুলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে বগুড়া পুলিশ।
মঙ্গলবার বগুড়া মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা বগুড়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশীদ।
বগুড়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি আরো জানান, ভাগ্নে শহীদের বিরুদ্ধে ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, গাইবান্ধা, দিনাজপুর ও জামালপুরে মোট ১৩টি মামলা রয়েছে।
গত ১২ জুলাই সন্ধ্যায় ভাগ্নে শহীদকে বগুড়া-রংপুর বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ।
তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় জেএমবির আরো পাঁচ নেতাকে।
গ্রেপ্তারের দুদিন পর গত ১৪ জুলাই অস্ত্র মামলায় পাঁচদিন হেফাজতে নিয়ে ভাগ্নে শহীদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ১৯ জুলাই একই মামলায় দ্বিতীয় দফায় তিনদিন এবং ২২ জুলাই তৃতীয় দফায় আরো তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় তাকে।
এদিকে মঙ্গলাবর হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় ভাগ্নে শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24